সিলেটে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত
জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তার স্বার্থে ২১ নভেম্বর থেকে প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে উল্লেখ করে এসএমপি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।