গাজায় ইসরায়েলি হামলার মতো গোপালগঞ্জের হাসপাতালে আ.লীগের হামলা
মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুলেন্সও ঢুকতে দেওয়া হয়নি, আজ থেকে তিন দিন ড্যাবের প্রতিবাদ সমাবেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন রোগী। কেউ এসেছেন জরুরি চিকিৎসা নিতে, কেউ অপেক্ষায় অস্ত্রোপচারের। কোনো মা সন্তান জন্ম দেওয়ার অপেক্ষায়, আবার কেউ এক-দুই দিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতককে নিয়ে হাসপাতালের বিছানায় স্বস্তির মুহূর্ত কাটাচ্ছেন স্বজনেরা। সেলাই কাটার পর সন্তানকে নিয়ে বাড়ি ফেরার অপেক্ষা তাঁদের। কিন্তু মুহূর্তেই বদলে যায় সেই পরিবেশ। হাসপাতালের ভেতরে শুরু হয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও তাণ্ডব। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন রোগী ও তাঁদের স্বজনেরা। নবজাতককে কোলে নিয়ে প্রাণ বাঁচাতে হাসপাতাল ছাড়তে বাধ্য হন মায়েরা।
গত ১৮ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনাকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাসপাতাল হামলার সঙ্গে তুলনা করছেন অনেকে। এ নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। শুধু হাসপাতালেই হামলা নয়, গোপালগঞ্জে লকডাউনের নামে সড়কে রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে নাশকতার সময় মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। অন্যদিকে, দেশব্যাপী হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আজ শনিবার (২১ নভেম্বর) তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। রবিবার (২২ নভেম্বর) থেকে আগামী তিন দিন সারাদেশে সংগঠনটির বিভিন্ন ইউনিটকে এক দিন করে প্রতিবাদ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান। এর আগে এক বিবৃতিতে হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।
গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটে। থানাপাড়া এলাকার পাঁচতলা হাসপাতাল ভবনের নিচতলায় ছিল প্যাথলজি, ল্যাব ও চিকিৎসকদের চেম্বার। কে এম বাবর ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হাসপাতালে ঢুকে ভাঙচুর শুরু করেন হামলাকারীরা। এ সময় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তাঁরা ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। চিৎকার করতে করতে শিশুদের কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন স্বজনেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার দিন কয়েকজন গর্ভবতী মায়ের অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। হামলার পর তাঁদের দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেন স্বজনেরা। এক প্রত্যক্ষদর্শী জানান, এক মধ্যবয়সী নারী নবজাতককে কোলে নিয়ে দৌড়ে হাসপাতাল থেকে বের হন। পরে স্বজনদের সহযোগিতায় রিকশায় করে সেখান থেকে চলে যান তিনি। ওই নারী জানান, দুই দিন আগেই তাঁর মেয়ের সিজারিয়ান অস্ত্রোপচার হয়েছে।
এ ঘটনায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে!? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতরাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।’
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে। ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এ ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে হামলা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। জঙ্গি সংগঠন ছাড়া এমন ঘটনা কেউ ঘটাতে পারে না। গোপালগঞ্জের হাসপাতালে হামলা গাজায় ইসরায়েলি বাহিনীর হাসপাতাল হামলাকেও হার মানিয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতাল মানুষের সেবার গুরুত্বপূর্ণ স্থান। অসুস্থ, আর্ত ও অসহায় মানুষ জীবন বাঁচাতে সেখানে আসেন। এমন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ অত্যন্ত বেদনাদায়ক ও অমানবিক। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।