পাবনায় টুকুর বাড়িতে আগুনের পর আ.লীগ-বিএনপি সংঘর্ষ
ডেইলি সান রিপোর্ট, পাবনা
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
পাবনার বেড়ায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জেরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বৃশালিখা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযো করা হয়। পরে বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে নতুন করে সংঘর্ষে জড়ান দুই পক্ষের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, দুপুর থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।’