EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‘গোপালগঞ্জের পরিস্থিতি ভালো, আগামীতেও ভালো থাকবে’: আইজিপি

জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

‘গোপালগঞ্জের পরিস্থিতি ভালো, আগামীতেও ভালো থাকবে’: আইজিপি
অ অ

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে, আগামীতেও ভালো থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

থানায় অগ্নিসংযোগের বিষয়ে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ নিজেরাই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কীভাবে সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা সীমিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

আইজিপি আরও বলেন, জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে মো. আলী হোসেন ফকির বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে। সেসব কর্মসূচির পরিণতি সবার জানা।

এ সময় এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।

আরও পড়ুন