একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনে বেকারত্বের সমাধান সম্ভব: ইউজিসি সদস্য ড. মামুন
ডেইলি সান রিপোর্ট, কিশোরগঞ্জ
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:২১ পিএম
বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন জোরদারের মাধ্যমে বেকারত্বের সমস্যা সমাধান এবং গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগ করে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
শুক্রবার (২০ নভেম্বর) কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘The Role of Academia-Industry Collaboration: Research Excellence, Innovation and Industrialization’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেও কর্মক্ষেত্রে সফল হতে বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা প্রয়োজন। শিল্পপ্রতিষ্ঠানগুলো যে ধরনের দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট প্রত্যাশা করে, বিশ্ববিদ্যালয়গুলো অনেক ক্ষেত্রে সেই চাহিদা অনুযায়ী শিক্ষার্থী তৈরি করতে পারছে না। এ ব্যবধান দূর করতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশন জোরদার করা জরুরি।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের চাহিদার সমন্বয় নেই। ফলে শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পরও চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে প্রবেশ করতে পারছেন না। এ পরিস্থিতি পরিবর্তনে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে যৌথভাবে কাজ করতে হবে।
দেশের বেকারত্ব পরিস্থিতি তুলে ধরে ইউজিসি সদস্য বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ ২০ হাজার। এই বিপুলসংখ্যক কর্মপ্রত্যাশী মানুষের কর্মসংস্থান তৈরি করা বড় চ্যালেঞ্জ। বিশেষ করে উচ্চশিক্ষিত তরুণদের কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, বাস্তব কাজের অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতাও চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ পেশাজীবীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ ব্যক্তিরা নির্দিষ্ট সময় অন্তর বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের পাঠদান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। এতে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের বাস্তব চাহিদা, প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে আগেই ধারণা পাবেন।
ইন্টার্নশিপের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ড. মামুন বলেন, শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে ইন্টার্নশিপ কার্যক্রম যুক্ত করা গেলে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশে কাজ শেখার সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোও নিজেদের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল খুঁজে পাবে। এতে গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং নিয়োগদাতাদের দক্ষ জনবলের চাহিদা পূরণ সহজ হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যৌথ গবেষণায় অংশ নিতে পারেন। গবেষণার ফলাফল শিল্পক্ষেত্রে প্রয়োগ করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়বে। এ ধরনের সহযোগিতা উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালাম আকন্দ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলী, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লে. (অব.) মো. আবু বকর সিদ্দিক, পরিচালক এ.কে.এম. মাহফুজুর রহমান বাপ্পী এবং মাজেস্টো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ইঞ্জিনিয়ার ইসহাক রনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বিশেষ দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অংশ হিসেবে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।