ঠাকুরগাঁওয়ে ক্যাসিনো মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২, সিম উদ্ধার
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম
জব্দ করা সিম কার্ডসহ গ্রেপ্তার দুজন।
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ক্যাসিনো মাস্টার এজেন্ট শ্যামল রায় (২৮) ও জাহিদুর রহমান (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাঁদের কাছ থেকে ১০০টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ভুল্লী থানার শুকানপুকুরী ইউনিয়নের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। ডি-হাট থেকে স্লুইসগেটগামী পাকা সড়কের পাশে শ্যামল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর নিজ শয়নকক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্যামল রায় ওই গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে। জাহিদুর রহমান একই এলাকার আলতাফুর রহমানের ছেলে।
পুলিশ সুপার বেলাল হোসেনের নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান পরিচালনা করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।