মাহ্দী আমিন
সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন বলেছেন, স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সরকারের অনেক জনমুখী নীতি এই ফাউন্ডেশনের কয়েক দশকের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ও যুব ক্ষমতায়নে প্রতিষ্ঠানটির বহুমুখী কার্যক্রম রয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, করোনা মহামারির সময় ফাউন্ডেশনটি খুদে বিজ্ঞানীদের নিয়ে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিল। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয় সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসব আয়োজন করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাউন্ডেশনের বর্তমান আয়োজন থেকেও সরকার অনুপ্রেরণা নিচ্ছে। ভবিষ্যতে সরকারি উদ্যোগে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
তরুণ জনশক্তি ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা এবং সৃজনশীল চিন্তাকে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বা তরুণ জনশক্তিকে কাজে লাগিয়েই নির্বাচিত সরকার নীতিমালা প্রণয়ন করছে।
ভবিষ্যতের বিজ্ঞানীদের খুঁজে বের করার উদ্যোগ নেওয়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জানান মাহ্দী আমিন। তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি স্বতন্ত্র ও ভিন্নমাত্রিক প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের দীর্ঘ রক্তক্ষয়ী সময়ে সব বাধা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীদের দেশের সবচেয়ে বড় গৌরব বলে উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে বাংলাদেশিরা তাদের মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন। সরকার দেশের ভেতরেও এই মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চায়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সম্ভাবনার কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতা, পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি তিনি সম্ভাবনাময় প্রকল্পগুলোতে সহায়তা দেওয়ার আহ্বান জানান। যাতে এসব প্রকল্প থেকেই ভবিষ্যতে বিশ্বমানের বিজ্ঞানী তৈরি হতে পারেন।
প্রদর্শিত বিজ্ঞান প্রকল্পগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আশাবাদী মাহ্দী আমিন। তিনি বলেন, এসব প্রকল্প থেকে ভবিষ্যতে পেটেন্ট তৈরি হবে, উদ্ভাবনী ধারণাগুলো বাণিজ্যিক রূপ পাবে এবং বাস্তব জীবনের সমস্যার সমাধান বেরিয়ে আসবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে।
শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে সংস্কার চলছে। এর দুটি মূল লক্ষ্য রয়েছে। প্রথমত, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষায় সমৃদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, এমন কর্মদক্ষতা তৈরি করা, যাতে তারা দেশ ও বিশ্ববাজারে নেতৃত্ব দিতে পারেন অথবা সফল উদ্যোক্তা হতে পারেন। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা ও গণতন্ত্র সুরক্ষার বিষয়েও কথা বলেন মাহ্দী আমিন। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সবাই এক ও অভিন্ন। জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের শক্তিশালী ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পথনির্দেশনায় স্বনির্ভর ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান মাহ্দী আমিন। তিনি বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের সম্মান, মর্যাদা, অধিকার ও স্বাধীনতা শতভাগ সুরক্ষিত থাকবে।
চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মাহ্দী আমিন বলেন, চট্টগ্রাম সমগ্র বাংলাদেশের জন্য গভীর আবেগের জায়গা। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যাত্রা এই চট্টগ্রাম থেকেই শুরু হয়েছিল। এখানেই তিনি শাহাদাত বরণ করেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মাহ্দী আমিন বলেন, তিনি পুরো বাংলাদেশকে বদলে দিয়েছিলেন। তার হাত ধরে বাংলাদেশের অর্থনীতির দুটি প্রধান স্তম্ভ—তৈরি পোশাকশিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা হয়েছিল। এ ছাড়া বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি, নারী ও যুব উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, কোস্টগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠা ছিল তার দূরদর্শী উদ্যোগ। নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে সার্ক প্রতিষ্ঠা ও জাতিসংঘসহ বৈশ্বিক বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছিলেন তিনি। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে পাহাড় ও সমতলের সব মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। শহীদ জিয়ার সেই আদর্শেই জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করছে বলে মন্তব্য করেন মাহ্দী আমিন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিজ্ঞান মেলা-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্যসচিব ডা. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ্ উমায়ুন মনি চৌধুরী, সদস্যসচিব ডা. এস এম সারোয়ার আলম প্রমুখ।
-6afc225870e5a.jpg)