EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমান বলেন, বিএনপি সরকার জনগণের জন্য কাজ শুরু করলেও একটি গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্র করছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ এএম

সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

অ অ

দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরতে চায় না। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ঐক্যবদ্ধভাবে শক্ত জবাব দিতে হবে, যাতে তারা আর দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বিএনপি সরকার জনগণের জন্য কাজ শুরু করলেও একটি গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্র করছে। ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারাজ, গ্যাসলাইন ও ইপিজেড স্থাপনের কাজ করেনি। বরং দেশের অর্থ বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি।


তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত ভোটাধিকার ও কথা বলার অধিকার আবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। ক্ষমতা ধরে রাখতে ওই গোষ্ঠী ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও উন্নয়ন চায়। এ জন্য গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।

মহেন্দ্রনগর খাল পুনঃখনন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, খালটি চালু হলে কৃষকেরা সেচের পানি পাবেন এবং আশপাশের মানুষের পানির সংকট কিছুটা কমবে।

এ সময় ফ্যামিলি কার্ড, ধর্মীয় ব্যক্তিদের সম্মানি ও শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। আগামী মাস থেকে প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এ কার্ড দেওয়া হবে। এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেওয়া হবে। পাশাপাশি ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার কাজ আগামী এক-দুই মাসের মধ্যে শুরু হবে।

তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা

আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার লালমনিরহাটে প্রথম জাতীয় এরো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, এ লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা এবং গবেষণার সুযোগ বাড়ানো গেলে তরুণেরা বৈশ্বিক উদ্ভাবনে অবদান রাখতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনকে সক্রিয় হওয়ার আহ্বান

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের সংগঠন দেশের ৬৩ জেলায় গড়ে তোলা প্রয়োজন। সব সমস্যার সমাধান আইন করে সম্ভব নয়। অনেক ক্ষেত্রে সামাজিক সংগঠন উদ্যোগ নিলে সমস্যার সমাধান করা যায়।

এক দিনের সফরে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।

আরও পড়ুন