পাঁচ জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০১:০১ এএম
পটুয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম ও ফেনীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাঁদের মধ্যে অন্তত পাঁচজনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় আতঙ্কে কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। তবে হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পটুয়াখালীতে শহর ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নয় নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন দেওয়া হয়। এতে ভবনের দুটি তলার কয়েকটি কক্ষের মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই রাতে শ্রমিক লীগের জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বাড়ির সামনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। নিরাপত্তার কারণে ওই ভবনের আট ভাড়াটে অন্যত্র আশ্রয় নেন।
এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার, সদর থানা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন চৌধুরী, যুবলীগের জেলা সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল এবং জেলা কমিটির সহসভাপতি সুলতান আহমেদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও জেলা পরিষদের সাবেক প্রশাসক খলিলুর রহমান মোহনের বাড়িতেও আগুন দেওয়া হয়। এতে ঘরের আসবাবসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ অধিকারী জানান, তাঁরা দুটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এনেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মোট কতটি ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদের সামনে সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুস ছাত্তার এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য সামি উসমান গণির দুটি মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।
চট্টগ্রাম নগরের দামপাড়ার পল্টন সড়কে আওয়ামী লীগের নগর সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসায় ভাঙচুর করা হয়েছে। তাঁর বাসা মনে করে পাশের ভবনেও হামলা চালানো হয়। নিরাপত্তাকর্মীদের ভাষ্য, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে লাঠিসোঁটা নিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল ভবন দুটিতে হামলা চালায়। চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাচের টুকরা পেয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁর স্বজনদের অভিযোগ, হামলাকারীরা বাড়ির মালামাল লুট করে নিচতলার তিনটি কক্ষ ও বাড়ির সামনে থাকা একটি পিকআপে আগুন দেন।
রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম বলেন, ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী ব্যক্তি দেয়াল টপকে বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালান। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। তবে সোনাগাজী মডেল থানার ওসি মো. আবুল হাসিম বলেন, আগুনে ঘরের আসবাব ও পিকআপের সামনের অংশ পুড়ে গেছে। তবে মালামাল লুটের ঘটনা ঘটেনি। কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজশাহীর বাঘা উপজেলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আড়ানী পৌরসভার চকসিংগা মহল্লার বাড়িটিতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শী শামসুল ইসলামের দাবি, তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেন। তাঁদের মধ্যে চারজন প্রাচীর টপকে ভেতরে ঢোকেন এবং দুজন বাইরে ছিলেন। পরে লোকজন জড়ো হলে তাঁরা পালিয়ে যান।
বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুকুল বলেন, তিনি বাড়ির নিচে আগুন দেখতে পেয়ে লোকজন ডেকে তা নেভানোর ব্যবস্থা করেন। তাঁর দাবি, বিএনপির কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। অন্যদিকে আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক ঘটনাটিকে সাজানো নাটক বলে দাবি করেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বাড়ির নিচে সামান্য আগুন লাগানো হয়েছিল। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
-6af850a375262.jpg)