বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর তিনজনের যাবজ্জীবন
ডেইলি সান রিপোর্ট, বরগুনা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ এএম
ছবি: সংগৃহীত
বরগুনায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বান্ধবীর বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় করা মামলার ১৩ বছর পর এ রায় হলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের গোড়া পদ্মা গ্রামের নুরু মাঝির ছেলে নান্না (৩০), শিয়ালিয়া গ্রামের ইউসুফ মৃধার ছেলে জাফর (২৮) এবং ছোট তালতলী গ্রামের রুস্তম আলীর ছেলে কবির (৩০)। রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যায় প্রতিবেশী এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যায় ওই কিশোরী। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে তিন যুবক তাকে মুখ চেপে ধরে ছুরি দেখিয়ে একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে হাত-পা ও মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়।
একপর্যায়ে কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে জাফর ও কবির পালিয়ে যান। এ সময় নান্নাকে আটক করেন তারা। পরদিন ২৯ জানুয়ারি ভুক্তভোগী বরগুনা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন।
আদালতের রায়ে বলা হয়েছে, জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে অর্থ আদায় করা যাবে। পরে আদায় করা অর্থ ভুক্তভোগীকে দেওয়ার ব্যবস্থা করা হবে।
রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। অন্যদিকে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজুয়ারা সিপু রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, একজন নাবালিকা স্কুলছাত্রীর ওপর এমন নির্যাতন অত্যন্ত দুঃখজনক।
