স্পীকার হাফিজ উদ্দিন আহমদ
জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পিএম
‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’ এ স্পীকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
গণতন্ত্রকামী এদেশের আপামর জনসাধারণ এবং ছাত্র-জনতা বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত বর্তমান সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস সেমি-অ্যানুয়াল কনফারেন্স-২০২৬’ এর প্রতিনিধিদের বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
স্পীকার বলেন, এদেশের মানুষ গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করে আসছে। ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশ প্রায় ২৪ বছর ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানের জুলুম ও নিপীড়নের শিকার হয়। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ক্ষমতা হস্তান্তরে অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হলেও আমাদের গণতান্ত্রিক উত্তরণ সম্ভব হয় নি।
স্পীকার বলেন, বিভিন্ন সময়ে দেশে সামরিক শাসন এবং স্বৈরাচারী শাসনের সূত্রপাত হয়। এদেশের জনগণ রাজপথে নামে এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে। বিগত আওয়ামী লীগ সরকার গুম, খুন, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।
ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস হলো বিশ্বের বিশ্ববিদ্যালয় প্রধানদের একটি মর্যাদাপূর্ণ বৈশ্বিক নেটওয়ার্ক, যা উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সমঝোতা, একাডেমিক সহযোগিতা এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকাশে নিবেদিত।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি শিক্ষার মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার লক্ষ্যে বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর প্রেসিডেন্ট, রেক্টর এবং উপাচার্যদের একত্রিত করে।
১৯ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে ২৪টি দেশের ৭০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি এবং বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের শীর্ষস্থানীয় নীতিনির্ধারক ও বিশ্ববিদ্যালয় প্রধানরা প্রতিনিধিত্ব করছেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ে আইএইউপি-এর বর্তমান প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, রেক্টর শিক্ষাবিদ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।