EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের সময় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছবি: সংগৃহীত

অ অ

জুলাই আন্দোলনের হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পৃথক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মুর্শিদুল আলম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় এনামুল হক নামে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ২৮৩ জনের বিরুদ্ধে করা হত্যাচেষ্টা মামলায় জ্যোতি ২১৬ নম্বর আসামি।

মামলায় আরও ১৬ জন তারকাকে আসামি করা হয়েছে। মামলায় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান ও জ্যোতিকা জ্যোতিসহ ১৭ জন তারকাকেও আসামি করা হয়।

প্রায় একই সময়ে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটে উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।

২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিবর্ষণে মাদরাসা শিক্ষার্থী সাদিকুল ইসলাম নিহত হন।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হত্যা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিলেটেও তার বিরুদ্ধে হত্যা ও সহিংসতার অন্তত ১৪টি মামলা রয়েছে। দুদক তার ও তার স্ত্রীর অবৈধ সম্পদের অনুসন্ধান করছে।

আরও পড়ুন