EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইউসিবির ২৫ কোটি টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছর কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

অ অ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলার যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায়ের দিন ধার্য ছিল। এ মামলায় ৫৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জাবেদের স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কয়েকজন কর্মকর্তা। বাকি ১৯ আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাঁদের খালাস দেওয়া হয়েছে। 

দুদকের অভিযোগপত্রে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক দেখানো হয়। এরপর ওই প্রতিষ্ঠানের নামে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে জাবেদ তাঁর কর্মচারীদের মাধ্যমে ওই টাকা তুলে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন। বিদেশে সম্পদ কেনার কাজে এ অর্থ ব্যবহার করা হয়।

তদন্তে উঠে আসে, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে।

এ মামলায় জাবেদ, তাঁর স্ত্রী রুখমিলা জামান, ইউসিবির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়।

এর আগে গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।

আরও পড়ুন