কেরানীগঞ্জে শৈলী বেকারি ও দাদু কনফেকশনারিকে জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পরিচালনা ও খাদ্য সংরক্ষণের দায়ে শৈলী বেকারি এন্ড দাদু কনফেকশনারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) আমীরাবাগের ৬ নম্বর ওয়ার্ডে প্রতিষ্ঠানটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।
অভিযানে বেকারির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও যন্ত্রপাতিতে ময়লার স্তর দেখা যায়। এ ছাড়া লেবেল ছাড়াই বিভিন্ন ধরনের কেক, বিস্কুট ও খাদ্য উপকরণ সংরক্ষণ করা হচ্ছিল। প্রতিষ্ঠানটি মজুত করা কালার পেস্ট ও ফুড কালারের ক্রয় ভাউচার দেখাতে পারেনি। হালনাগাদ ফায়ার লাইসেন্স, পেস্ট কন্ট্রোলের প্রমাণক ও পানি পরীক্ষার সনদও দেখাতে ব্যর্থ হয়।
এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
