EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভাঙ্গায় বিএনপির বিক্ষোভ, রাজু হত্যার বিচারের আশ্বাস রিজভীর

বক্তব্যে তিনি বলেন, রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম

ভাঙ্গায় বিএনপির বিক্ষোভ, রাজু হত্যার বিচারের আশ্বাস রিজভীর

প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির রুহুল কবির রিজভী।

অ অ

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। বুধবার বিকেলে ভাঙ্গা দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লাসহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

রিজভী রাজু হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাজুর হত্যার পর তাঁর বাবা-মায়ের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সন্তান হত্যার বিচার দেখে যেতে পারবেন কি না, সেই শঙ্কা ও বেদনা নিয়ে তাঁরা দিন কাটাচ্ছেন। তিনি আশ্বস্ত করেন, রাজু হত্যার বিচার বাংলার মাটিতেই হবে।

তিনি বলেন, ‘হত্যা ও নৈরাজ্যের ঠাঁই নেই এই বাংলায়।’

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে রিজভী অভিযোগ করেন, তিনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে বসে মানুষ হত্যার পরিকল্পনা করছেন ও নির্দেশ দিচ্ছেন। তাঁর দাবি, মানুষের প্রতি শেখ হাসিনার ভালোবাসা নেই, আছে হিংসা ও প্রতিহিংসা। 

তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং জেল-জুলুমের মাধ্যমে দেশকে উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছিল।

বিএনপি শান্তিতে বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, জ্বালাও-পোড়াও ও সহিংসতার রাজনীতি দলটি পছন্দ করে না। তবে ধৈর্যেরও একটি সীমা আছে। সেই সীমা অতিক্রম করলে আর নীরব থাকা সম্ভব হবে না। তিনি আরও বলেন, অন্য দেশের ওপর নির্ভরশীল ও আশ্রিত শক্তির মাধ্যমে দেশের ক্ষতি করা সম্ভব।

আরও পড়ুন