গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের অফিসে ভাঙচুর, আগুন
ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর মালিকানাধীন একটি ক্লিনিকেও ভাঙচুর করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডা. কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকায় বাবরের মালিকানাধীন আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দেন। ক্লিনিকের নিচতলায় তাঁর ব্যক্তিগত অফিস ছিল। একপর্যায়ে অফিসের আসবাবপত্র বাইরে বের করে ভাঙচুর করা হয়। পরে সেগুলোতে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় ক্লিনিকে থাকা রোগীরা আতঙ্কিত হয়ে অন্যত্র চলে যান।
এদিকে, একই দিন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে। উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
