EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁও হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

ঠাকুরগাঁও হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান
অ অ

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কেনাকাটায় অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। অভিযোগ রয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। 

মঙ্গলবার দুপুরে হাসপাতাল ও সংশ্লিষ্ট ব্যাংকে অভিযান চালানো হয়। তবে তত্ত্বাবধায়ক অভিযোগ অস্বীকার করেছেন। অভিযানে পাওয়া নথিপত্র যাচাই করছে দুদক। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপপরিচালক শেখ গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, হাসপাতালের বিভিন্ন পণ্য ও সেবা কেনাকাটায় জালিয়াতির মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে কাজ দেওয়া এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ সংস্থাটি পেয়েছে। এ ছাড়া তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে যমুনা ব্যাংকের নিলামে নিজের স্ত্রী জেসমিন রহিমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘যায়েদী ট্রেডার্সে’র অনুকূলে অননুমোদিতভাবে অংশ নেওয়ার অভিযোগও উঠেছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান চালানো হয়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানে ছিলেন উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ও এএসআই (কোর্ট সহকারী) বেলাল হোসেন।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম যমুনা ব্যাংক পিএলসির ঠাকুরগাঁও শাখা পরিদর্শন করে নিলাম-সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও পর্যালোচনা করে। নথি পর্যালোচনায় দেখা যায়, ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ার যায়েদী ট্রেডার্স ওই নিলামে বিজয়ী হয়েছে। প্রতিষ্ঠানটির মালিক জেসমিন রহিম। এতে নিলাম প্রক্রিয়ায় তত্ত্বাবধায়কের প্রভাব বিস্তারের সম্ভাবনা এবং স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদক সূত্র জানায়, অভিযানে সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যালোচনা শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে। অভিযোগগুলো নিয়ে সংস্থাটি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। নথি যাচাইয়ের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

উপ-পরিচালক শেখ গোলাম মাওলা বলেন, অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে। পরবর্তী সিদ্ধান্ত কমিশন নেবে।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা. ফিরোজ জামান জুয়েল বলেন, অভিযোগগুলো সত্য নয়। হাসপাতালের পক্ষ থেকে সব কাগজপত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে আগেও সরকারি পর্যায়ে তদন্ত হয়েছিল। অনেকেই অভিযোগ করেছিলেন। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। দুদক আবার তদন্ত করছে। তাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন