EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

অ অ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। বুধবার সকালে নগরীর মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি ও হারিকেন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। পরে তারা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, বুধবার সকালে গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা ৫০ মিনিট) শ্রমিকদের বিক্ষোভ চলছিল।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছেন।

তিনি আরও জানান, গাজীপুরের অন্যান্য এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। অনেক কারখানা উৎপাদনে ফিরেছে।

আরও পড়ুন