২১টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সরাইলে ৩৬৫ মিটার অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ৩২ হাজার টাকা জরিমানা
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ এএম
সরাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৬৫ মিটার ৩/৪ ইঞ্চি এম এস অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ১৮৫ মিটার পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয়, ২১টি অবৈধ গ্যাস সংযোগ রাইজার কর্তন ও ওয়েল্ডিং করে বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ই নভেম্বর) সরাইল উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ জন অবৈধ গ্যাস ব্যবহারকারী কে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল হক সজিব। এসময় উপস্থিত ছিলেন, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাইপ লাইনে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহর সহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিল।
এ অবস্থায় নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে কুট্টাপাড়া গ্রামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। এসব সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।