টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানাটি ঘেরাও করেন।
এ সময় পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর তারা থানার ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে থানায় আগুন দেওয়া হয়। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।
এ বিষয়ে জানতে পুলিশের কয়েকজন কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল ধরেননি।