EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শিল্পমন্ত্রী

অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায় সরকার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায় সরকার
অ অ

দেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিসিক ভবন মিলনায়তনে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পসচিব আব্দুন নাসের খান।

শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে বর্তমানে সিএমএসএমই খাতের অবদান প্রায় এক-চতুর্থাংশ। আয়বৈষম্য কমানো, সুষম প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিসিক ও এসএমই খাতকে আরও শক্তিশালী করে দেশব্যাপী উদ্যোক্তা সৃষ্টি ও বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ মানুষ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। এসব মানুষের কর্মসংস্থান শুধু বৃহৎ শিল্প কিংবা তথ্যপ্রযুক্তি খাতের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব নয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমেই বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষের জীবিকার ব্যবস্থা করেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এর মাধ্যমে বহু পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয়।

বিসিক ও এসএমই ফাউন্ডেশনের সমন্বয়ে দেশব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ইউরোপ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তাদের অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা এবং প্রয়োজনে ঋণসহায়তা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।

ঋণ কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বর্তমানে জেলা পর্যায়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। জামানতবিহীন ঋণের সীমা দুই লাখ টাকা। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ঋণের পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে। বিষয়টি পর্যালোচনা করে জামানতবিহীন ঋণের সীমা বৃদ্ধি এবং বিসিকের ঋণ অনুমোদনের ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

শিল্পমন্ত্রী জানান, বিসিকের ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি। এটি ঋণগ্রহীতাদের ইতিবাচক ভূমিকার পরিচয় বহন করে।

তিনি বলেন, দেশের শিল্পায়ন ও উদ্যোক্তা উন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের কাজ নয়। সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় কর্মসংস্থানমুখী, বৈষম্যহীন ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকেই এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিক পরিচালক (অর্থ) কাউজার মোহাম্মদ ফারাবী এবং উদ্যোক্তা শামীমা পারভীন ও হাজেরা আক্তার।

আরও পড়ুন