EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা স্থগিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা স্থগিত

ছবি: সংগৃহীত

অ অ

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণে সোমবারের (১৬ নভেম্বর) নির্ধারিত এ সভা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ পরে জানানো হবে।

সোমবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজের পাঠানো এক নোটিসে এ তথ্য জানানো হয়।

নোটিসে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এদিনের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল।

এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। তবে সেদিন মালিকপক্ষ তাদের প্রস্তাব দিতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়। সে অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য পৃথক বোর্ড গঠন করে। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এরপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

চলতি বছর শ্রম আইন সংশোধনের মাধ্যমে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই বছরের ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। সে হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বর মাসে শেষ হচ্ছে।

২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

আরও পড়ুন