শব্দদূষণ রোধে অপ্রয়োজনীয় হর্নের বিরুদ্ধে অভিযানের নির্দেশ হাইকোর্টের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৫ এএম
ছবি: সংগৃহীত
শব্দদূষণ নিয়ন্ত্রণে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণসহ শব্দদূষণ রোধে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ নভেম্বর) জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব নির্দেশ দেন। রিটকারী পক্ষের আইনজীবী হাসানুল বান্না এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আদালত শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৬ বিধি ও সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুযায়ী অপ্রয়োজনীয় হর্নের বিরুদ্ধে অভিযান চালাতে বলেছেন। পাশাপাশি নীরব এলাকায় (সাইলেন্ট জোন) প্রয়োজনীয় সাইনবোর্ড স্থাপন, স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং জনসচেতনতামূলক কর্মসূচি ও মোবাইলে বিশেষ বার্তা প্রচারের নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালার ৮ বিধি অনুযায়ী আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। শব্দদূষণ নিয়ে অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৮ ধারা অনুসারে বিশেষ ও স্বচ্ছ ব্যবস্থা চালুর নির্দেশও দিয়েছেন আদালত।
শব্দদূষণ নিয়ন্ত্রণের আইন ও বিধিমালা সম্পর্কে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতেও বলা হয়েছে।
এসব নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতি তিন মাস পর আদালতে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে হবে।
রুলে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধানবিরোধী, বেআইনি এবং জনস্বার্থ ও জননিরাপত্তার পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে নীরব এলাকা, নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী।