স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ সদস্যের বাড়িতে হামলায় কঠোর ব্যবস্থা নেবে সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫০ এএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা ও তার জীবন, সম্পদ-সম্পত্তির ওপর আক্রমণের ঘটনায় সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে কুষ্টিয়ায় নিজের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সংসদ সদস্যের ওপর হামলা কিংবা তার জীবন, সম্পদ ও মালামালের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয়। সরকার এ ধরনের ঘটনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এর আগে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, পেট্রোলবোমা হামলার পরিবর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
এর প্রতিক্রিয়ায় নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করতে পারে। তিনি দাবি করেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা তার গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছেন। ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে স্থানীয় ছাত্রলীগের এক নেতা ফেসবুকে হুমকিমূলক পোস্ট দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে তার পুড়ে যাওয়া বাড়িটিকে ‘পরিত্যক্ত’ এবং সেখানে শুধু দুটি ছাগল ছিল বলে উল্লেখ করেছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নুসরাত।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের ওই অংশ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন, কাউকে প্রভাবিত করার উদ্দেশ্যে সংসদে কোনো বক্তব্য দেওয়া হয় না। এ বিষয়ে স্পিকারের হস্তক্ষেপও কামনা করেন তিনি।
তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, বক্তব্যটি অসংসদীয় নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অগ্নিকাণ্ডের পরপরই শুক্রবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
প্রাথমিক তদন্তে ঘটনাস্থলে পেট্রোলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তদন্ত শেষ হলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
স্পিকার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত প্রাথমিক তদন্তের ভিত্তিতে বক্তব্য দিয়েছেন। তবে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা পরিষ্কার হবে। বাড়িটিকে পরিত্যক্ত এবং সেখানে শুধু দুটি ছাগল ছিল বলে স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন—এমনটি বলা সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
স্পিকার আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে পুলিশ সুপারকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনার সার্বিক তদন্ত করতে বলেছেন। তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার মধ্যরাতের পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির ১০টি কক্ষের মধ্যে সাতটি পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়। এ ছাড়া আসবাবপত্র, কাপড়, জুতাসহ বিভিন্ন মালামাল নষ্ট হয়।

