হাওরে আগাম বন্যার ঝুঁকি কমাতে ব্রি ধান-১১৮ চাষ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: সংগৃহীত
হাওরাঞ্চলে আগাম বন্যার ঝুঁকি কমাতে সাত জেলায় ১ হাজার ৬০০টি প্রদর্শনী প্লটে ব্রি ধান-১১৮-এর বীজতলা তৈরি করা হয়েছে। চলতি মৌসুমে এসব বীজতলার চারা রোপণ করতে পারবেন কৃষকেরা। এ জন্য প্রাথমিকভাবে ৩০ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) হাওরাঞ্চলের উপযোগী আগাম জাতের এই ধান উদ্ভাবন করেছে। এর লক্ষ্য, আকস্মিক বন্যায় আধাপাকা ও পাকা ধান ডুবে নষ্ট হওয়ার ঝুঁকি কমানো।
ব্রি ধান-১১৮ প্রচলিত বিভিন্ন জাতের তুলনায় ৭ থেকে ১০ দিন আগে বপন ও কাটা যায়। জাতটি প্রজনন পর্যায়ে ঠান্ডা সহনশীল। হাওরাঞ্চলের পরিবেশেও এটি চাষের উপযোগী।
২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে আগাম বপন করলে প্রজনন পর্যায়ে গড় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলেও হেক্টরপ্রতি প্রায় ৬ টন ফলন দিতে পারে জাতটি। অন্যদিকে, স্বাভাবিক সময়ে অর্থাৎ ১৫ থেকে ২০ নভেম্বর বপন করে পরীক্ষায় ১৪৫ দিনে হেক্টরপ্রতি সর্বোচ্চ ৬ দশমিক ৯ টন ফলন পাওয়া গেছে।
ব্রি ধান-১১৮-এর গড় ফলন হেক্টরপ্রতি ৬ দশমিক ৭৭ টন। উপযুক্ত পরিবেশ ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে সর্বোচ্চ ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। জাতটির জীবনকাল ১৪৫ থেকে ১৪৮ দিন। তবে শীতের তীব্রতার ওপর নির্ভর করে তা ১৫০ থেকে ১৫৭ দিন পর্যন্ত হতে পারে।
জাতটির গাছ শক্ত ও মজবুত। তাই সহজে হেলে পড়ে না। ধান পাকার সময়ও এর ডিগ পাতা সবুজ থাকে। প্রচলিত জাতের তুলনায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কম হয়। ব্রির ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে জাতটি ব্রি ধান-২৮-এর তুলনায় ২২ দশমিক ৮৩ শতাংশ বেশি ফলন দিয়েছে।
ব্রির আশা, আগাম বপন ও উপযুক্ত পরিচর্যার মাধ্যমে হাওরাঞ্চলে বন্যার ঝুঁকি কমানো সম্ভব হবে। এতে ধানের উৎপাদন সুরক্ষার পাশাপাশি কৃষকের ফসলহানিও কমবে।
