EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামপুরায় চাঁদার দাবিতে ইন্টারনেট কার্যালয়ে গুলি, দুই কর্মচারী আহত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

রামপুরায় চাঁদার দাবিতে ইন্টারনেট কার্যালয়ে গুলি, দুই কর্মচারী আহত

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর রামপুরায় চাঁদার দাবিতে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। 

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডের তাকওয়া মসজিদ সংলগ্ন ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ অফিসে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুই টেকনিশিয়ান হলেন হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় কর্মচারীরা অফিসে কাজ করার সময় হঠাৎ চারজন দুর্বৃত্তরা সেখানে হানা দেয়। তারা ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। মাত্র এক-দুই মিনিটের মধ্যেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

হামলার কারণ সম্পর্কে মাজহারুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে স্থানীয় চাঁদাবাজ বাদশা, জনি ও তাদের সহযোগীরা প্রতিষ্ঠানের মালিক শরিফুল ইসলামের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সেই টাকা না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আহত কর্মচারী সাজু আহমেদ বলেন, চারজনের মধ্যে একজন বাইরে পাহারায় ছিল এবং বাকি তিনজন ভেতরে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকেই ব্যবসা বন্ধ করার হুমকি দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে একজনের ডান পায়ে এবং অন্যজনের বাম হাতে গুলি লেগেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে রামপুরা থানাকে জানানো হয়েছে।

আরও পড়ুন