EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‌‘আরও কিছু সময় গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ, তারপর বল প্রয়োগ’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম

‌‘আরও কিছু সময় গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ, তারপর বল প্রয়োগ’

ছবি সংগৃহীত

অ অ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিক্ষোভ, মিছিল ও সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিজিবি ও পুলিশের সদস্য বাড়ানো হয়েছে। আরও কিছু সময় পরিস্থিতি দেখে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর কথা ভাবা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন। দুপুরে তারা জানান, গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে দেওয়া হবে। পরে বিকেল সোয়া পাঁচটার দিকে তাদের বদলির পরিপত্র জারি করা হয়।

মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক করা হয়েছে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে। অন্যদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা বিভিন্ন সময়ে বিক্ষোভ করেছেন।

গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজ লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।

মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, আজ সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে কী আলোচনা হয়েছে বা কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যসংখ্যা বাড়িয়েছে সরকার। তবে এখনই বলপ্রয়োগ করতে চায় না সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেবে না। তবে এখনই বলপ্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না। আরও কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। আওয়ামী লীগ হামলা ও সহিংসতা বাড়ানোর চেষ্টা করলে সরকারও আইন অনুযায়ী বলপ্রয়োগ করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন জেলা থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গোপালগঞ্জে গেছেন বলে তথ্য পেয়েছে সরকার। সরকারি স্থাপনায় হামলার আশঙ্কাও রয়েছে।

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে আজ আরও তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ১০ নভেম্বর সেখানে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। এ ছাড়া আশপাশের জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও গোপালগঞ্জে আনা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও গুলিতে চারজন নিহত হন।

ওই বছরের ২০ জুলাই গুলি ছোড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তৎকালীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ‘যে সময় যে পরিস্থিতি, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হয়।’

আরও পড়ুন