সুন্দরবনের কয়রায় হরিণের মাংস-মাথা-চামড়া জব্দ
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
কয়রায় জব্দ করা হরিণের মাংস, মাথা ও চামড়া।
খুলনার কয়রায় সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। রবিবার (১৫ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, সকাল ৬টার দিকে কয়রা থানাধীন বজবজা ও ঝাপঝপি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল। এ সময় প্রায় ৭৮ হাজার টাকা মূল্যের ২৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এর সঙ্গে ৮টি পা, ২টি মাথা ও ২টি হরিণের চামড়াও জব্দ করা হয়।
রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বজবজা ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সুন্দরবনে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও পাচার প্রতিরোধে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে থাকে।