টেকনাফে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ কোস্ট গার্ডের
ডেইলি সান রিপোর্ট, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম
টেকনাফে কোস্ট গার্ডের জব্দ করা ইয়াবার চালান।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। শনিবার রাতে কোস্ট গার্ড এ অভিযান পরিচালনা করে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এমন তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।
অভিযানকালে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের জলসীমার দিকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড পানিতে ভাসমান পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট তল্লাশি করে ওই ইয়াবা উদ্ধার করে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।