EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঘোড়াঘাটে দুই হাত বাঁধা অবস্থায় প্রবাসীর মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

ঘোড়াঘাটে দুই হাত বাঁধা অবস্থায় প্রবাসীর মরদেহ উদ্ধার
অ অ

দিনাজপুরের ঘোড়াঘাটে রফিকুল ইসলাম তালুকদার রুবেল (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রফিকুল ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই থেকে নিজ বাড়িতে একাই থাকতেন রফিকুল। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন তিনি।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। বাড়ি ও পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও ভাইকে না পেয়ে বাড়ির সামনে ফিরে আসেন। তখন দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন।


ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। হত্যার কারণ এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন