স্বাস্থ্যসেবায় নারীদের অংশগ্রহণ বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ যথাযথভাবে উৎসাহিত করা হয়নি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম
ডা. জুবাইদা রহমান
স্বাস্থ্য খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কর্মীর ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের’ (আইডিইএসএইচআই) এক যুগপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারি গড়ে তুলতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ যথাযথভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব।
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব কর্মী দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
এ ছাড়া আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা: আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।