EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীসহ পাঁচ স্থানে নিষিদ্ধ আ. লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ এএম

রাজধানীসহ পাঁচ স্থানে নিষিদ্ধ আ. লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: প্রতীকী

অ অ

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত রাজধানীসহ দেশের পাঁচটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রাজধানীতে দুজন, মুন্সীগঞ্জে ৩৭, ভোলায় দুজন, চুয়াডাঙ্গায় একজন এবং ঢাকার ধামরাইয়ে চারজন রয়েছেন।

রাজধানীতে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ জানায়, রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সুমন চৌধুরী (৩৬) ও ওমর ছানি (২৭)। সুমন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওমর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

পুলিশ জানায়, শুক্রবার রাত ২টার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয় ওমর ছানিকে।

মুন্সীগঞ্জে ৩৭ জন আটক

মুন্সীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ৩৭ জনের মধ্যে ৩৩ জনকে কিশোর সংশোধনাগারে এবং চারজনকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার মোল্লারচরের উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাট এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার দুপুরে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়।

সদর থানা পুলিশ জানায়, ছাত্রলীগের কর্মসূচি পালনের উদ্দেশ্যে আটক ব্যক্তিরা ধলেশ্বরী নদীতে নোঙর করা একটি কার্গো জাহাজে জড়ো হয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের আটক করা হয়েছে।

ভোলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ভোলার দৌলতখানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চরখলিফা ও চরপাতা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মো. সেলিম এবং চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল হাশেম।

দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন জানান, তারা আত্মগোপনে থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে জেলা সদর থানা পুলিশের একটি দল দৌলতদিয়াড় এলাকায় তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ধামরাইয়ে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কুল্লা ইউনিয়নের আবুল হাসেম, মাসুদ রানা, মতিউর রহমান ও মো. হাসেন।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন