EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভারত-আদানির বিদ্যুৎ চুক্তি বাতিলের সুযোগ নেই: জ্বালানিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম

ভারত-আদানির বিদ্যুৎ চুক্তি বাতিলের সুযোগ নেই: জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

ভারতসহ বিভিন্ন দেশ এবং আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, এসব চুক্তিতে রাষ্ট্রীয় নিশ্চয়তা (সভরেন গ্যারান্টি) দেওয়া হয়েছে। তবে বিদ্যুতের দাম কমাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও দর-কষাকষি চলছে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

চুক্তি বাতিলের জটিলতা ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের যেসব বিদ্যুৎ ক্রয় চুক্তি রয়েছে, সেগুলো রাষ্ট্রীয় নিশ্চয়তার ভিত্তিতে করা হয়েছে। এই নিশ্চয়তা একটি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, যার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে।

তিনি বলেন, কোনো দেশ রাষ্ট্রীয় নিশ্চয়তা দেওয়ার পর দর-কষাকষি করতে পারে, কিন্তু চুক্তি বা নিশ্চয়তা একতরফাভাবে বাতিল করতে পারে না। এটি বাতিল করা হলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রেডিট রেটিং কমে যেতে পারে। এতে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক মহলে দেশের প্রতি আস্থার সংকট তৈরি হবে।

বিদ্যুতের সরবরাহ ও দাম কমানোর উদ্যোগ প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, ভারতের সঙ্গে ইতোমধ্যে একটি প্রতিনিধি দল আলোচনা করে এসেছে। ত্রিপুরা থেকে আসা বিদ্যুৎসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, দেশে এমনিতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ অবস্থায় কঠোর কোনো সিদ্ধান্তের কারণে বিদ্যুৎ সরবরাহে নেতিবাচক প্রভাব পড়লে জনদুর্ভোগ ও অসন্তোষ তৈরি হতে পারে। তাই সব দিক বিবেচনায় নিয়ে কীভাবে বিদ্যুতের দাম কমানো যায়, সরকার সেই চেষ্টা করছে।


দেশীয় বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (আইপিপি) চুক্তি পর্যালোচনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কয়লা ও গ্যাসভিত্তিক দেশীয় বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্ষেত্রেও রাষ্ট্রীয় নিশ্চয়তা দেওয়া রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গেও সরকার আলোচনায় বসছে এবং বিদ্যুতের দাম কমানোর বিষয়ে দর-কষাকষি করছে।

তবে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়লাবাহী জাহাজের পরিবহন ব্যয় এবং অন্যান্য জ্বালানির দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উল্টো বিদ্যুতের দাম বাড়ানোর দাবি জানাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার আরও ভালোভাবে দর-কষাকষি করতে পারত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন