শরীয়তপুরের যেসব এলাকায় রবিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রবিবার (১৫ নভেম্বর) শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন করা হবে। এ কাজের জন্য শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর (টুমচর) ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এর মধ্যে রোববার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা সাত ঘণ্টা টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।