বিএ পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার আহ্বান স্পিকারের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
নারীদের স্নাতক (বিএ) পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, নারী শিক্ষার প্রসারে এ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর সময়ে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু হয়। পাশাপাশি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হয়। এ সুবিধা ধীরে ধীরে বাড়ানো হবে। এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে বিএ পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করার অনুরোধ জানাবেন তিনি।
বর্তমান সংসদে নারী সদস্যদের প্রশংসা করে স্পিকার বলেন, নারীরা অনেক ক্ষেত্রে পুরুষ সদস্যদের চেয়ে বেশি স্মার্ট। তাঁদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার ও ছয়জন চিকিৎসক রয়েছেন। এ ছাড়া প্রকৌশলীসহ বিভিন্ন পেশার দক্ষ নারীরা সংসদে প্রতিনিধিত্ব করছেন। তাঁদের জ্ঞান ও সংসদীয় আচরণে তিনি মুগ্ধ হয়েছেন।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
