দিনাজপুরে চটের বস্তায় পাঠশালা, হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চটের বস্তা বিছিয়ে চলা পাঠশালাটির জন্য স্থায়ী ঘর নির্মাণ হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে সেখানে নির্মিত হবে এক কক্ষবিশিষ্ট ‘সঞ্জীবন পাঠশালা’। শুক্রবার (১৩ নভেম্বর) পাঠশালাটি পরিদর্শনে গিয়ে দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপ-পরিচালক) মো. নুরুজ্জামান বিষয়টি জানান।
পাঠশালাটি পরিচালনা করেন স্থানীয় আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার। দীর্ঘদিন ধরে নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের ৩৫ থেকে ৪০ জন শিশুকে বিনা মূল্যে পড়াচ্ছেন তিনি।
পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট কমলচন্দ্র সরকারকে অবকাঠামো নির্মাণের খবর দেন। এতে আবেগাপ্লুত হয়ে মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। খবর শুনে উচ্ছ্বসিত হয় উপস্থিত শিশুরাও।
পাঠশালা নির্মাণের পাশাপাশি কমলচন্দ্রের বাড়িতে একটি গৃহস্থালি সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে বাহিনী। ‘সঞ্জীবন পাঠশালা’তেও একটি সোলার প্যানেল স্থাপন করা হবে। পাঠদান কার্যক্রম চালু রাখতে বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
কমলচন্দ্রের এই উদ্যোগ বাহিনীর নজরে আসার পর থেকে নানা সহায়তা দেওয়া হচ্ছে। ২০২৫ সালে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং একই বছর তাঁকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ দেওয়া হয়। এ ছাড়া আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনায় জেলা কমান্ড্যান্টের রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি দেওয়া হচ্ছে তাঁকে।