EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

গোপালগঞ্জে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে

ডেইলি সান রিপোর্ট, গোপালগঞ্জ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

গোপালগঞ্জে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক
অ অ

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী ডলফিন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একে একে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং অর্ধশতাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আহতদের মধ্যে ১০ জনকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত বিএনপি নেতা ইলিয়াস ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রাঘদী ইউনিয়ন বিএনপির কর্মী মিশন ঢালী সাংবাদিকদের বলেন, ‘এমপি সেলিমুজ্জামান সেলিমকে বরণ করতে আমরা সড়কে অবস্থান করছিলাম। এ সময় ডলফিন পরিবহনের একটি বাস হঠাৎ আমাদেরসহ অন্যান্য যানবাহনকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ইলিয়াস ভাই গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকায় নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।’

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্য যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন।

এদিকে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকার উদ্দেশে আসার পথে মুকসুদপুরে প্রবেশকালে এ দুর্ঘটনা ঘটে। এতে তাঁর গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত রয়েছেন।

বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন