সংসদ সদস্য নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের পৈতৃক বাড়িতে আগুন লাগার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত যুবলীগ ও ছাত্রলীগকে আসামি করে মামলা দায়ের করেন নুসরাত নিজে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টায় নুসরাত বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন।
এজাহারভুক্ত আসামীরা হলেন- কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার এবং যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
এছাড়া মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, অগ্নিসংযোগ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।
মামলা করার সময় এনসিপির নেতারা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (১১ নভেম্বর) মধ্যরাতে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। ওই বাড়িতে নুসরাতের পরিবারের কেউ থাকেন না। সেখানে তাদের গবাদিপশুর খামার রয়েছে। আগুনে তাদের দুটি ছাগল ও কয়েকটি মুরগি মারা গেছে।
নুসরাত তাবাসসুম ও তাঁর পরিবারের ধারণা, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন খান সংসদ অধিবেশনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ প্রসঙ্গে বলেন, ‘তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসকে নির্দেশ দেওয়া হয়েছে।’
মন্ত্রী নাশকতার বিষয়টি প্রাথমিকভাবে প্রত্যাখান করেছেন।
-6af5d41d4a75b.jpg)