রংপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ এএম
রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের টুকরা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাউনিয়ার চেতনার মোড় এবং গঙ্গাচড়ার বড়বিল ও খলেয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, বুধবার রাতে বড়বিল ও খলেয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন বড়বিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আতাউ রহমান আতা (৪৫) এবং খলেয়া ইউনিয়ন যুবলীগের সদস্য এনছান আলী (৩৮)। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
অন্যদিকে, কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া এলাকার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৪২), টেপা মধুপুর ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সহসভাপতি শাহ আলম (৩৫), ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার রাকিব (২৬) এবং যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান (৪২) ও হেকমত আলী (৩৫)। তাদের বিরুদ্ধেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি করে অরাজকতা তৈরির অভিযোগ রয়েছে। তাদের কাছ থেকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই করা হচ্ছে। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, রংপুর রেঞ্জের আট জেলায় কুইক রেসপন্স টিমের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি, চোর, ছিনতাইকারী, প্রতারক এবং নিষিদ্ধ সংগঠনের সদস্য রয়েছেন।