ছয় মাসের মধ্যে চূড়ান্ত হবে নগর স্বাস্থ্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ছয় মাসের মধ্যে দেশের নগরবাসীর স্বাস্থ্যসেবায় একটি টেকসই ও বহুমুখী মডেল চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় পর্যন্ত বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো আগের অংশীদারিত্বমূলক কাঠামোতেই চালু থাকবে, যাতে সেবা ব্যাহত না হয়।
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিইউএইচএন) এবং এমিনেন্স যৌথভাবে সভাটির আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক সেবা কাঠামো থাকলেও নগরবাসীর জন্য মন্ত্রণালয়ের সরাসরি আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এ ঘাটতি পূরণে সরকার নগর স্বাস্থ্যসেবার দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরের আগ পর্যন্ত ছয় মাস আগের অংশীদারিত্বমূলক কাঠামোতেই চলবে। এ জন্য প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বাজেট প্রসঙ্গে ড. মুহিত বলেন, এবার দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে জাতীয় বাজেটের ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে সরকারের।
তিনি আরও বলেন, নগর স্বাস্থ্যসেবাকে শুধু হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধকেও এর আওতায় আনতে হবে।
নগরবাসীর চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা পরিকল্পনা, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পরিকল্পনা কমিশনে নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তি সম্পন্ন হয়েছে। এখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে বাস্তবসম্মত ও সাশ্রয়ী কর্মপরিকল্পনা তৈরি করা প্রয়োজন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সভায় অংশ নেন।
