EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

তেল পরিমাপে কারচুপি, চার ইউনিট বন্ধ করল বিএসটিআই

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

তেল পরিমাপে কারচুপি, চার ইউনিট বন্ধ করল বিএসটিআই

ছবি: সংগৃহীত

অ অ

পেট্রোল পাম্পে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল সরবরাহের প্রমাণ পাওয়ায় ঢাকার তিনটি ফিলিং স্টেশনের চারটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি ফিলিং স্টেশনের ১১টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে বিএসটিআই। এর মধ্যে চারটি ইউনিটে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়।

মালিবাগের চৌধুরীপাড়ায় মালিবাগ অটো সার্ভিসের তিনটি ইউনিট যাচাই করে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে তেল কম পাওয়া যায়। টিকাটুলির এ হাই অ্যান্ড কোম্পানির তিনটি ইউনিটের মধ্যে একটি অকটেন ইউনিটে কম তেল সরবরাহের প্রমাণ মেলে।

এ ছাড়া খিলগাঁওয়ের কিকো পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের পাঁচটি ইউনিট যাচাই করে দুটি অকটেন ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল পাওয়া যায়।

বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল পরিমাপে কারচুপি ও ভোক্তাস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ফিলিং স্টেশনগুলোতে নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।

আরও পড়ুন