EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়াতেল: বিএফএসএ চেয়ারম্যান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম

হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়াতেল: বিএফএসএ চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

অ অ

হার্টের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর উপাদানগুলোর একটি হলো পোড়াতেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদেরও পোড়াতেল ব্যবহার পরিহার করতে হবে। একই সঙ্গে ব্যবহৃত রান্নার তেল নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ হলো মাথা ও হৃদ্‌যন্ত্র। শরীরের বাহ্যিক অঙ্গগুলোর ক্ষতি হলে আমরা সেগুলো রক্ষার চেষ্টা করি। একইভাবে শরীরের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ অঙ্গ হৃদ্‌যন্ত্রকে সুরক্ষিত রাখাও জরুরি। পোড়াতেল সরাসরি হৃদ্‌যন্ত্রের ক্ষতি করে। হার্টের যত শত্রু রয়েছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো পোড়াতেল। তাই ব্যক্তি ও ব্যবসায়ী—সব পর্যায়েই এটি পরিহার করতে হবে।’

খাদ্য ব্যবসায়ীদের সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে বিএফএসএ চেয়ারম্যান বলেন, ‘কোনো ব্যবসায়ী যদি পোড়াতেলে সিঙ্গাড়া না ভেজে তাজা তেলে ভাজেন এবং সে কারণে দাম কিছুটা বেশিও রাখেন, তবু মানুষ ভালো ও নিরাপদ খাবারই কিনবেন। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের ক্রেতাদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে হবে।’

পোড়াতেলের টেকসই ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ব্যবহৃত রান্নার তেল বিভিন্নভাবে অপসারণ করা হয়। তবে সবচেয়ে টেকসই উপায় হলো বায়োটেক এনার্জির মতো প্রতিষ্ঠানের কাছে তা হস্তান্তর করা। এতে একদিকে আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশের সুরক্ষাও নিশ্চিত হবে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএফএসএর সদস্য (যুগ্ম সচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ সোয়েব। প্রবন্ধে ব্যবহৃত রান্নার তেল বারবার ব্যবহারের ফলে মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর সৃষ্ট ক্ষতিকর প্রভাব, ভোজ্যতেলের গুরুত্ব, ট্রান্সফ্যাটি অ্যাসিড ও এর ঝুঁকি এবং ট্রান্সফ্যাট নিয়ন্ত্রণের উপায় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয়।

ড. মোহাম্মদ সোয়েব বলেন, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। এ ছাড়া রক্তনালিতে চর্বি জমা, যকৃতের ক্ষতি এবং ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা। তাঁরা বলেন, ব্যবহৃত রান্নার তেল বারবার ব্যবহার করে পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি না করে তা বায়োডিজেলে রূপান্তরের উদ্যোগ নিতে হবে। এতে একদিকে স্বাস্থ্যঝুঁকি কমবে, অন্যদিকে উৎপাদিত বায়োডিজেল যানবাহন ও বিভিন্ন যন্ত্র চালানোর কাজে ব্যবহার করা সম্ভব হবে।

বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের অন্তত তিন হাজার খাদ্যপ্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করছে। ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন তেল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সাভারে প্রতিষ্ঠানের নিজস্ব কারখানায় এসব ব্যবহৃত তেল থেকে বায়োডিজেল উৎপাদন করা হচ্ছে।

তিনি আরও বলেন, মাত্র এক লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে।

সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন