EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

কওমি মাদরাসায় পরিচালক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে সাগর ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

নেত্রকোনার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন।

এর আগে গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেন। যুক্তিতর্ক চলাকালে প্রধান আসামি সাগর নিজের ১২ শতাংশ জমি লিখে দেওয়ার বিনিময়ে মামলা থেকে মুক্তি চেয়েছিলেন। তবে আদালত তার আবেদন নাকচ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে মদনের কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ী গ্রামের একটি মহিলা কওমি মাদরাসায় পরিচালক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে সাগর ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে শিশুটি ঘটনা গোপন রাখে এবং একপর্যায়ে মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়।

পরে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চলতি বছরের এপ্রিলে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে শিক্ষক সাগর ও তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে আসামি করে মদন থানায় মামলা করেন।

মামলার পর গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর থেকে প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করে তৎকালীন র‍্যাব-১৪। পরে পুলিশ তাকে তিন দিনের রিমান্ডে নেয়।

আইনি প্রক্রিয়ার মধ্যে গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তানের জন্ম দেয় ভুক্তভোগী। পরে আদালতের নির্দেশে সিআইডি নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। পরীক্ষায় নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়।

ডিএনএ পরীক্ষার ফলের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা মদন থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান গত ২৬ আগস্ট সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন