EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় ব্যর্থ হলে কর্মকর্তা বরখাস্ত: শাহে আলম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় ব্যর্থ হলে কর্মকর্তা বরখাস্ত: শাহে আলম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম

অ অ

পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ক্ষেত্রে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্তসহ বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মীর শাহে আলম বলেন, অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলার কারণে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে দ্রুত ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণের নির্দেশনা দেন তিনি। এসব ল্যান্ডফিলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের সুযোগ তৈরির কথাও বলেন।

কর্মশালায় কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক ও ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা কর্মশালায় উপস্থিত হননি। সরকারি অর্থ ব্যয়ে আয়োজিত গুরুত্বপূর্ণ কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমন অনুপস্থিতি দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতে রাজনৈতিক প্রভাব ও অনিয়মের কারণে অনেক যোগ্য পৌরসভা বঞ্চিত হয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, জেলাভিত্তিক ও ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দিয়ে মাস্টারপ্ল্যানের তালিকা করা উচিত ছিল।

তিনি জানান, এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং বৃক্ষরোপণেও গুরুত্ব দিতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন