EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০ শতাংশ, তুরস্কে দ্বিগুণ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০ শতাংশ, তুরস্কে দ্বিগুণ
অ অ

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাকের (আরএমজি) রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার।

নতুন বাজারগুলোর মধ্যে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষ করে তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশল কাজে লাগাচ্ছে। নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। সে হিসাবে রপ্তানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।

তুরস্কের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার, যা নতুন বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ। অপ্রচলিত বাজারে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে তুরস্কের অংশও বেড়েছে। গত বছরের একই সময়ে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য জাপান। চার মাসে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে মোট রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে হয়েছে ২৫ কোটি ৯ লাখ ডলার।

শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

শুধু অক্টোবর মাসেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত ছিল। এ মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।

অক্টোবরে তুরস্কে পোশাক রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। এ মাসে দেশটিতে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই রয়েছে তুরস্ক। অক্টোবরে জাপানে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

একই সময়ে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ দেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রপ্তানি বাড়ার পাশাপাশি অন্যান্য বাজারেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ সহায়ক হবে।

সূত্র: বাসস

আরও পড়ুন