জলাবদ্ধতা নিরসনে কক্সবাজারে ১০৭ কোটি টাকার প্রকল্প
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ১০৭ কোটি টাকা ব্যয়ে নতুন ৯টি উপপ্রকল্প নেওয়ার প্রস্তাব করেছে সরকার। চলমান প্রকল্পের পাশাপাশি এসব কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে দেওয়া লিখিত উত্তরে এ তথ্য জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের অনুপস্থিতিতে তার পক্ষে লিখিত প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী শাহে আলম।
সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য শামীম আরা বেগম স্বপ্নার প্রশ্নের জবাবে কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিবরণ তুলে ধরা হয়।
প্রশ্নে শহরের জলাবদ্ধতা ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার সমস্যা সমাধানে আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ এবং বিদ্যমান ড্রেন সংস্কারে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
লিখিত জবাবে জানানো হয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের অধীনে কক্সবাজার পৌরসভায় ২৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে রাস্তা সম্প্রসারণ, ড্রেন, সড়কবাতি ও ফুটপাত নির্মাণের কাজ চলছে।
একই প্রকল্পের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে আরও ৮০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন স্কিম গ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব কাজের দরপত্র ২০২৭ সালের জানুয়ারিতে আহ্বান করা হতে পারে।
এ ছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ‘আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট’-এর আওতায় কক্সবাজার পৌরসভায় ৩ দশমিক ১৩ কিলোমিটার নতুন ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব ড্রেনের মাধ্যমে পানি বাঁকখালী নদীতে নিষ্কাশন করা হবে।
এ প্রকল্পের আওতায় ৬৬৬ মিটার খাল পুনঃখননের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি নির্মাণ করা হবে ১০টি আরসিসি বক্স কালভার্ট, ক্যাচ পিট, পাইপ, স্ল্যাব, ম্যানহোল ও ১৪০ মিটার লিংক রোড। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫৮ লাখ টাকা।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজার পৌরসভার বর্তমান চাহিদার ভিত্তিতে আরও ৯টি উপপ্রকল্প গ্রহণের প্রস্তাব রয়েছে। এর মধ্যে সাতটি সড়ক ও ড্রেন উন্নয়ন এবং দুটি ড্রেন নির্মাণ ও পুনর্বাসনসংক্রান্ত। এসব উপপ্রকল্প বাস্তবায়নে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০৭ কোটি টাকা।
এ ছাড়া ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে বিভিন্ন উন্নয়নমূলক উপপ্রকল্প নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে ‘বটম-আপ অ্যাপ্রোচ’ অনুসরণ করা হচ্ছে।
এই প্রকল্পের আওতায় কক্সবাজার পৌরসভায় ইতিমধ্যে ১ দশমিক ৭১ কিলোমিটার রাস্তা ও ১ দশমিক ৬৯ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমানে আরও শূন্য দশমিক ৮৪ কিলোমিটার রাস্তা এবং শূন্য দশমিক ৪৮ কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ চলছে।