প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান: জুবাইদা রহমান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান। যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। এ সময় শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি।
পরিদর্শনের শুরুতে প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় যুক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রয়াসের ভূমিকার প্রশংসা করেন জুবাইদা রহমান।
তিনি বলেন, আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে। এ জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তিনি।
সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান জুবাইদা রহমান। পাশাপাশি প্রয়াসের পৃষ্ঠপোষক, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষার্থী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
-6af1a2973aafd.jpg)