পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এ দাবিতে নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা।
সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব দেয়। বৈঠক শেষে বোর্ডের সদস্যরা এ তথ্য জানান।
তবে মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো নতুন মজুরি কাঠামোর বিষয়ে কোনো লিখিত প্রস্তাব জমা দেননি। সোমবার সভা শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিকপক্ষকে লিখিত প্রস্তাব জমা দিতে চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
তিনি জানান, মালিকপক্ষের প্রস্তাব পাওয়ার পর দুই পক্ষের দাবিদাওয়া পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের পাশাপাশি আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে একমত হন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।