EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

ছবি এআই দিয়ে তৈরি

অ অ

গ্রাম পুলিশ সদস্যদের অবদানের স্বীকৃতি ও সামাজিক বনায়ন কার্যক্রম সম্প্রসারণে দেশের প্রতিটি ইউনিয়নে নতুন কর্মসূচি নিতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় ইউনিয়নের একটি প্রধান সড়কের নামকরণ করা হবে ‘গ্রাম পুলিশ সড়ক’। পাশাপাশি সড়কের পাশে রোপণ করা হবে অন্তত এক হাজার গাছ।

রবিবার (৮ নভেম্বর) সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। জারি করা এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। ওই মহাসমাবেশে গ্রামীণ জনপদে দিনরাত আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের নিরলস অবদানের স্বীকৃতি দিতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি ইউনিয়নের একটি প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাধ্যমে ওই সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ করতে হবে। রোপণ করা গাছগুলো ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচির আওতায় আনা হবে।


নির্দেশনায় বলা হয়েছে, সামাজিক বনায়ন থেকে অর্জিত লভ্যাংশের ৪০ শতাংশ সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। বাকি ৬০ শতাংশ ওই ইউনিয়নের পরিবেশবান্ধব কার্যক্রমে ব্যয় করা হবে।

চিঠিতে স্থানীয় সরকার বিভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার ভিত্তিতে এ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পর এ বিভাগকে অবহিত করতেও বলা হয়েছে।

এ নির্দেশনার অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন