EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নামজারি পুরোপুরি অটোমেশনের সুপারিশ সংসদীয় কমিটির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

নামজারি পুরোপুরি অটোমেশনের সুপারিশ সংসদীয় কমিটির

ছবি: সংগৃহীত

অ অ

নামজারি প্রক্রিয়া পুরোপুরি অটোমেশনের আওতায় আনা এবং সাবরেজিস্ট্রারদের দৌরাত্ম্য রোধে ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে ভূমি অফিসকে দালালমুক্ত করা, জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ এবং ভূমি প্রশাসনকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি নাসের রহমানের সভাপতিত্বে বৈঠকে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, কমিটির সদস্য জয়নাল আবদিন, সুলতানা আহমেদ, মো. মাহবুবুর রহমান (বেলাল) ও মুহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে হয়রানিমুক্ত ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে নামজারি ও ভূমি নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়। কমিটির মতে, ভূমি নিবন্ধন কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হলে অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি কমবে।

একই জমির দলিল জামানত হিসেবে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়ার জালিয়াতি বন্ধে ব্যাংকগুলোর মধ্যে জমির মালিকানা ও বন্ধকসংক্রান্ত তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। 

এ ছাড়া উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ, দলিলমূল্যের সঙ্গে বাজারমূল্যের সামঞ্জস্য এবং জমি হস্তান্তরের বিভিন্ন ফি ও গেইন ট্যাক্স সহনীয় পর্যায়ে আনার সুপারিশ করা হয়েছে।

অর্পিত সম্পত্তির অবৈধ দখল শনাক্তে জেলাভিত্তিক সম্পত্তির পরিমাণ ও মৌজামূল্য নির্ধারণ এবং দীর্ঘদিনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।

ভূমি প্রশাসনে স্বচ্ছতা আনতে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি), ভূমি অধিগ্রহণ শাখা ও কানুনগো অফিসে দুর্নীতি-অনিয়ম এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

এ ছাড়া ভূমি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার জন্য খাসজমি নির্বাচনের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। পরে আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে ভূমি মন্ত্রণালয়।

আরও পড়ুন